
নিউজ প্রবাসী ডেক্স :
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে ইরানের প্রতি সংহতি জানিয়ে মানবিক সহায়তার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের জম্মু ও কাশ্মীরের মানুষ। বিশেষ করে বুদগাম ও বারামুলা জেলার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সোনা-রূপা, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী দান করছেন।
ঈদুল ফিতরের পরপরই শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে শুরু হয় এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম। স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে সহায়তা সংগ্রহ করছেন। এতে নারীরা তাদের গয়না, শিশুরা ঈদের উপহারের টাকা, এমনকি কেউ কেউ গবাদিপশু ও ঐতিহ্যবাহী তামার সামগ্রীও দান করছেন।
স্থানীয়দের ভাষ্য, ইরানের দুর্দশায় পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। একাধিক ভিডিওতে দেখা গেছে, নারীরা সারিবদ্ধভাবে সোনার গয়না জমা দিচ্ছেন। এক আইনজীবী তার পরিবারের কাছ থেকে প্রায় ৩১ লাখ রুপি সংগ্রহ করে দিয়েছেন বলেও জানা গেছে।
সংগঠকদের দাবি, ইতোমধ্যে কয়েক কোটি রুপির সমপরিমাণ সহায়তা সংগ্রহ হয়েছে। এসব অর্থ ও সামগ্রী অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসে পাঠানো হচ্ছে।
ইরানি দূতাবাস সামাজিক মাধ্যমে কাশ্মীরের মানুষের এই সহমর্মিতার প্রশংসা করেছে। এক বার্তায় তারা জানায়, মানবিক সহায়তা ও সংহতির জন্য কাশ্মীরের জনগণের প্রতি তারা কৃতজ্ঞ।
এই ত্রাণ কার্যক্রমে রাজনৈতিক নেতারাও অংশ নিয়েছেন। বুদগামের স্থানীয় এমএলএ মুনতাসির মেহদি তার এক মাসের বেতন দানের ঘোষণা দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানে সৃষ্ট মানবিক সংকটের প্রতিক্রিয়ায় কাশ্মীরের মানুষের এই উদ্যোগ তাদের গভীর সহমর্মিতা ও ঐক্যের বহিঃপ্রকাশ।