
নিউজ প্রবাসী ডেক্স :
ঈদকে সামনে রেখে রাজধানীর দুই গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল—মহাখালী ও সায়েদাবাদে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত চিত্র। একদিকে মহাখালীতে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যাত্রীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত যানবাহন, অন্যদিকে সায়েদাবাদে বাস থাকলেও মিলছে না পর্যাপ্ত যাত্রী।
মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ লাইন ও ভোগান্তির চিত্র দেখা যায়। অনেক যাত্রী অভিযোগ করেন, নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি অর্থ নেওয়া হচ্ছে। ২০০ থেকে ২৫০ টাকার ভাড়া গুনতে হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। টিকেট পেলেও নির্ধারিত সময়ে বাস না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।
অন্যদিকে সায়েদাবাদ এলাকায় দেখা গেছে উল্টো চিত্র। সেখানে পর্যাপ্ত বাস থাকলেও যাত্রীর অভাবে অনেক গাড়ি ফাঁকা সিট নিয়ে ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়া ও বিকল্প যাতায়াত ব্যবস্থার কারণে দক্ষিণাঞ্চলে যাত্রী কিছুটা কমে গেছে।
বাস সংশ্লিষ্টরা জানান, সড়কে তীব্র যানজট ও হঠাৎ যাত্রীর চাপ বৃদ্ধির কারণে মহাখালীতে বাস সংকট তৈরি হয়েছে। অন্যদিকে সায়েদাবাদে যাত্রী কম থাকায় পরিবহন মালিকদের লোকসান গুনতে হচ্ছে।
ঈদযাত্রার এই বৈপরীত্য যাত্রীদের যেমন ভোগান্তিতে ফেলেছে, তেমনি পরিবহন ব্যবস্থাপনার দুর্বলতাও সামনে এনেছে।