নিউজ প্রবাসী ডেক্স :
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই চিঠি হস্তান্তর করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠিতে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ওইসব দেশে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সরকারগুলোর গৃহীত পদক্ষেপের প্রশংসা করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উদ্দেশে পাঠানো চিঠিতে সাম্প্রতিক হামলা, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ জানানো হয় এবং বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সংহতির আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে দেশটির প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।
অন্যদিকে ওমানের সুলতানের কাছে পাঠানো চিঠিতে একই ধরনের সংহতি প্রকাশের পাশাপাশি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ওমানে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে দেশটির সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানানো হয়।
বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। সরকার বলছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করাই তাদের প্রধান অগ্রাধিকার।