নিউজ প্রবাসী ডেক্স :
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম এপ্রিল মাসে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ভোক্তাপর্যায়ে আগের নির্ধারিত দামই বহাল থাকছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার আওতায় ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এই মূল্য ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
এ অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকাতেই বিক্রি হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে এসব জ্বালানির দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছিল এবং মার্চেও সেই দাম অপরিবর্তিত রাখা হয়।
সরকার ২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানির মূল্য সমন্বয়ের পদ্ধতি চালু করে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা সত্ত্বেও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, জ্বালানি সরবরাহ নিয়ে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে সরকার। সংশ্লিষ্টদের মতে, কিছু স্থানে কৃত্রিম সংকটের পেছনে অতিরিক্ত মজুদ করার প্রবণতা দায়ী।
জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে বিক্রয়মূল্যের তুলনায় আমদানি ও সরবরাহ ব্যয় অনেক বেশি। ফলে সরকারকে ভর্তুকি দিয়ে এই মূল্য স্থিতিশীল রাখতে হচ্ছে। মার্চ থেকে জুন প্রান্তিকে ডিজেল ও অকটেনের জন্য বড় অঙ্কের ভর্তুকি প্রয়োজন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়, আপাতত জ্বালানির দাম অপরিবর্তিত রাখার মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে সরকার।