নিউজ প্রবাসী ডেক্স :

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার জেরে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। নতুন নির্ধারিত দামে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার এখন কিনতে হবে ১ হাজার ৭২৮ টাকায়, যা আগের চেয়ে ৩৮৭ টাকা বেশি।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন মূল্য নির্ধারণ করে জানায়, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করেই এপ্রিল মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দরে প্রতি কেজি এলপিজির মূল্য দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৪ পয়সা, যা মার্চ মাসের তুলনায় ৩২ টাকা ৩০ পয়সা বেশি। শুধু ১২ কেজিই নয়, ছোট-বড় সব ধরনের সিলিন্ডারের দাম একই হারে বেড়েছে।
এছাড়া অটোগ্যাস ও রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দামও বৃদ্ধি পেয়েছে, ফলে পরিবহন ও শিল্প খাতেও এর প্রভাব পড়তে পারে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস (সিপি) বৃদ্ধির কারণে এ মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে দেশের এলপিজি বাজারে।
নতুন এই দাম বৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ব্যয় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে যারা রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts