নিউজ প্রবাসী ডেক্স: যশোর শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও মাদক বহনকারী এক ব্যক্তি পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারীরা ভারত থেকে অস্ত্র ও মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসানের নেতৃত্বে কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮ আর পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী এলাকায় পাকা রাস্তার পাশে কৌশলগত অবস্থান নেয়।
এ সময় বিজিবি সদস্যরা ভারত থেকে ইছামতি নদী পার হয়ে কায়বা অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে তাকে থামার সংকেত দেয়। কিন্তু ওই ব্যক্তি নির্দেশ অমান্য করে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত পিস্তলের আনুমানিক মূল্য এক লাখ টাকা, ম্যাগাজিনের মূল্য পাঁচ হাজার টাকা, গুলির মূল্য এক হাজার টাকা এবং এস্কার্প সিরাপের মূল্য ১৬ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য এক লাখ ২২ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts