
নিউজ প্রবাসী ডেক্স :
কুয়ালালামপুর-এ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে ডুটা-উলু কেলাং এক্সপ্রেসওয়েতে (ডিউক) তিনটি যানবাহনের সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের আয়ার পানাস টোল সংলগ্ন এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি মাঝপথে বিকল হয়ে পড়ে। পরে সেটিকে সহায়তা করতে পেছন থেকে আসা আরেকটি লরি ও একটি পিকআপ ভ্যান থামে।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন, যাদের একজন বাংলাদেশি প্রবাসী এবং অন্যজন স্থানীয় নাগরিক।
দুর্ঘটনার সময় তারা গাড়ির বাইরে অবস্থান করছিলেন বলে জানা গেছে। নিহত বাংলাদেশির পরিচয় তদন্তের স্বার্থে এখনো প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী লরিটির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।