
নিউজ প্রবাসী ডেক্স :
সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণভোট পরিচালনার জন্য জারি করা অধ্যাদেশটি আর বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই, কারণ এর কার্যকারিতা ইতোমধ্যে শেষ হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্দিষ্ট উদ্দেশ্যে জারি করা এই অধ্যাদেশের অধীনেই গণভোট সম্পন্ন হয়েছে। ফলে ভবিষ্যতে এ অধ্যাদেশের আওতায় আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না।
মন্ত্রী আরও জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা আইন হিসেবে পাস না হলে বাতিল হয়ে যায়। গণভোট অধ্যাদেশটি যেহেতু একটি অস্থায়ী প্রয়োজনে জারি করা হয়েছিল, তাই এটিকে স্থায়ী আইনে রূপ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
তিনি বলেন, বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু বর্তমান অবস্থায় পাস করা হবে, আর কিছু সংশোধন করে বিল আকারে সংসদে আনা হবে।
তবে সময় সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে সব অধ্যাদেশ বিল আকারে উপস্থাপন করা সম্ভব হবে না বলেও জানান তিনি। যেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তোলা যাবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে পুনরায় সংসদে আনা হতে পারে।