নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামে ২৮ সাংবাদিকসহ ৪৯ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগের সত্যতা খুঁজে পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
মামলাটি দায়ের করা হয়েছিল প্রায় ১৭ মাস আগে। অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ চট্টগ্রামের ২৮ জন সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত ছিল। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের অপহরণ ও নির্যাতনসহ নানা ঘটনায় তাদের সম্পৃক্ততা ছিল।
তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, মামলার বাদীকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি প্রয়োজনীয় তথ্য দিতে পারেননি। এমনকি তার বাসায় গিয়ে যোগাযোগের চেষ্টা করলেও মামলার বিষয়ে কোনো সহায়ক তথ্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন হাসিনা মমতাজ নামের এক নারী। তিনি নগরীর কোতোয়ালি থানার নজির আহমদ চৌধুরী রোড এলাকার বাসিন্দা।
তদন্ত শেষে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলেও বিষয়টি নিয়ে এখনো শুনানি হয়নি বলে আদালত সূত্র জানিয়েছে।
অন্যদিকে মামলার বাদী হাসিনা মমতাজ দাবি করেছেন, তদন্ত কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ না করেই প্রতিবেদন জমা দিয়েছেন। তিনি এ বিষয়ে আদালতে নারাজি দেওয়ার কথাও জানিয়েছেন।
মামলার আবেদনে সাংবাদিকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রচার, আন্দোলনের সময় কিছু ঘটনা গোপন করা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সহায়তা করার মতো একাধিক অভিযোগ আনা হয়েছিল।