
নিউজ প্রবাসী ডেক্স :
চার দিনের সরকারি সফরে শনিবার নিজ জেলা পাবনার উদ্দেশে রওনা হচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর।
সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুরে বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারে পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন তিনি। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সেখানেই রাত্রিযাপন করবেন।
রোববার সকালে তিনি আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একইদিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সোমবার সকালে ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটানোর কথা রয়েছে রাষ্ট্রপতির। সফরের শেষদিন মঙ্গলবার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসকের সভাপতিত্বে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুনভাবে।
রাষ্ট্রপতির এ সফরকে কেন্দ্র করে পাবনাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।