
নিউজ প্রবাসী ডেক্স :
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
বুধবার সংসদ অধিবেশনের বিরতিতে সাংবাদিকদের তিনি বলেন, সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে অধিবেশন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সংসদ সদস্যরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন। তবে চলমান অধিবেশনের কারণে এখনই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, সাউন্ড সিস্টেম কেনা ও স্থাপনে গুরুতর অনিয়ম হয়েছে। নির্ধারিত মানের মাইক্রোফোন সরবরাহ না করে নিম্নমানের সরঞ্জাম দেওয়া হয়েছে। এমনকি টেন্ডার প্রক্রিয়াতেও অসঙ্গতির কথা উল্লেখ করেন তিনি।
চিফ হুইপ জানান, বর্তমান অবস্থায় সাউন্ড সিস্টেম বাতিল করলে সংসদের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই অধিবেশন শেষে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সংরক্ষিত নারী আসনে নিয়োগের ক্ষেত্রে রাজপথের ত্যাগী ও অভিজ্ঞ নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইন ও বিভিন্ন অধ্যাদেশ অনুমোদনের বিষয়েও সংসদের অগ্রগতির কথা তুলে ধরেন।