
নিউজ প্রবাসী ডেক্স :
প্রায় তিন মাস কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক ও বিশ্লেষক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান, আদালতের জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কারাগার-২ এর জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আল আমিন বলেন, শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে আনিস আলমগীর কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তর হয়ে গত ২১ ডিসেম্বর কাশিমপুর কারাগারে যান।
গত বছরের ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরে ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে পর্যায়ক্রমে উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার পর শনিবার তিনি কারামুক্ত হন।
দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা আনিসুর রহমান আলমগীর, যিনি আনিস আলমগীর নামেই বেশি পরিচিত। বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করা এই সাংবাদিক টেলিভিশনের টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক রাজনীতি নিয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনায় ছিলেন।