
নিউজ প্রবাসী ডেক্স: ধানমন্ডিতে সংঘটিত বহুল আলোচিত জোড়া হত্যাকাণ্ডের মামলার রায় আবারও পিছিয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও রায় প্রস্তুত না থাকায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্র জানায়, বিচারক তাওহীদা আক্তার আগামী ১৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার নতুন দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী খলিলুর রহমান আসাদ।
মামলার আসামিরা হলেন—নিহত আফরোজা বেগমের বাসার কর্মী বাচ্চু মিয়া এবং ঘটনার সময় সদ্য কাজে যোগ দেওয়া গৃহকর্মী সুরভী আক্তার নাহিদ। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১ নভেম্বর রাতে ধানমন্ডির ২৮ নম্বর (বর্তমান ১৫) রোডের ‘লোবেলিয়া হাউজ’ নামের একটি ভবনের পঞ্চম তলায় আফরোজা বেগম (৬৫) ও তার গৃহকর্মী দিতি (১৮) গলাকাটা অবস্থায় নিহত হন।
নিহত আফরোজা বেগম ছিলেন টিমটেক্স গ্রুপের এমডি ও ক্রিয়েটিভ গ্রুপের ডিএমডি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি। ঘটনার দুই দিন পর, ৩ নভেম্বর আফরোজার মেয়ে দিলরুবা সুলতানা রুবা ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার শুরুতে থানা পুলিশ ও ডিবি পুলিশের হাতে থাকলেও পরবর্তীতে তা পিবিআইকে দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
বিচার চলাকালে আদালত ৩২ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার অভিযোগে বলা হয়, আফরোজা বেগম ও তার মেয়ে দিলরুবা সুলতানা পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করতেন। ঘটনার দিন সন্ধ্যার পর আফরোজার ফোনে সাড়া না পেয়ে বাসায় গিয়ে তাকে ও গৃহকর্মী দিতিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
সাত বছর পেরিয়ে গেলেও এই নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত রায় না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট মহলে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। এখন আদালতের নির্ধারিত নতুন তারিখে রায়ের অপেক্ষায় রয়েছে সবাই।