নিউজ প্রবাসী ডেক্স :

নীলফামারী জেলার ডোমারে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আব্দুর সাত্তার।
বৃহস্পতিবার সকালে ডোমার হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আব্দুর সাত্তার। তবে অনুষ্ঠানের সঞ্চালক মাইকে তার নাম ঘোষণা না করায় জামায়াতের নেতাকর্মীরা প্রতিবাদ জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির কিছু নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জামায়াত নেতাদের অভিযোগ, অনুষ্ঠান সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন ইচ্ছাকৃতভাবে এমপির নাম ঘোষণা করেননি। তবে অভিযোগ অস্বীকার করে তিনি জানান, প্রশাসনের দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম ছিল না, তাই আলাদাভাবে ঘোষণা করা হয়নি। পরে বিষয়টি জানার পর সম্মানের সঙ্গে নাম ঘোষণা করা হয়।
এ বিষয়ে এমপি আব্দুর সাত্তার বলেন, জাতীয় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা হলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব। তিনি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, এটি মূলত একটি ভুল বোঝাবুঝি ছিল এবং পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পুলিশও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts