
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর পল্লবী এলাকায় যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের চার মাস পর অবশেষে অভিযানে নামে র্যাব। সংস্থাটি জানিয়েছে, ঘটনায় সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রাশেদ ওরফে লোপন (৩৫) এবং মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু (৪০)। র্যাব জানায়, রাজধানীর রূপনগর ও দিয়াবাড়ি এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে বলে দাবি র্যাবের। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে।
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় পল্লবীর একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে মুখোশধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে কিবরিয়াকে হত্যা করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করলে শুরু হয় তদন্ত। এর আগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল শুটাররা পলাতক ছিল।
র্যাব কর্মকর্তারা জানান, রাজনৈতিক কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। গ্রেপ্তার দুইজন পেশাদার শুটার এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।