
নিউজ প্রবাসী ডেক্স :
মানিকগঞ্জের পাটুরিয়া বাসস্ট্যান্ডে ঈদ-পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় তিনজন বাসচালককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পরিবহনগুলো গাবতলী রুটে ৩০০ টাকার ভাড়া কমিয়ে ২০০ টাকায় নামিয়ে আনে।
যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যেখানে ভাড়া ১০০ থেকে ১২০ টাকা, সেখানে ঈদ শেষে যাত্রীদের চাপকে কাজে লাগিয়ে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন চালককে জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।