
নিউজ প্রবাসী ডেক্স :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দরবারের প্রধান কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’-এ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। ভিডিওতে ধর্মীয় অবমাননাকর বক্তব্য রয়েছে—এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
হামলার আশঙ্কায় সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তবে জোহরের নামাজের পর বিভিন্ন স্থান থেকে শতাধিক বিক্ষুব্ধ লোকজন লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে দরবারের দিকে এগিয়ে যায় এবং একপর্যায়ে হামলা চালায়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা তাণ্ডবে দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও স্থানীয়দের দাবি, হামলাকারীর সংখ্যা বেশি হওয়ায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো একটি ভিডিওকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতার সংখ্যা বেশি থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান জানান, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এ হামলা সংঘটিত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে সামাল দেওয়া কঠিন ছিল।
পুলিশ জানায়, বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের মতে, নিহত শামীম রেজা পূর্বেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং এ ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়।