
নিউজ প্রবাসী ডেক্স :
বাগেরহাট-এ ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানির ঘটনায় এবারের ঈদ আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বিশেষ করে মোংলা উপজেলার শেলাবুনিয়া এলাকার একটি পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গত ১২ মার্চ নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই বর-কনে, তাদের স্বজনসহ মোট ১৪ জন নিহত হন।
নিহতদের মধ্যে একই পরিবারের ৯ জন রয়েছেন। তাদের মধ্যে ছিলেন বর আহাদুর রহমান সাব্বির, তার বাবা, ভাই-বোন, ভাতিজা-ভাতিজি এবং পরিবারের অন্যান্য সদস্য। কনের পক্ষ থেকেও চারজন প্রাণ হারান। এছাড়া মাইক্রোবাসের চালকও নিহত হন।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে পরিবারটির একমাত্র জীবিত সদস্যদের একজন আশরাফুর রহমান জানান, অল্পের জন্য তিনি ও তার ভাই বেঁচে গেছেন। তিনি বলেন, “যদি আমরা ওই গাড়িতে থাকতাম, তাহলে হয়তো আমরাও বেঁচে থাকতাম না।”
ঈদের দিনেও ওই বাড়িতে নেই কোনো উৎসবের আমেজ। স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। ঈদের নামাজ শেষে তারা কবর জিয়ারত করে দিনটি কাটিয়েছেন।
স্থানীয়রা জানান, যে বাড়িতে নতুন বউকে ঘিরে আনন্দ হওয়ার কথা ছিল, সেখানে এখন নেমে এসেছে নিস্তব্ধতা। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলাকাবাসীও।
এ ঘটনায় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। নিহতদের স্বজনরা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।