নিউজ প্রবাসী ডেক্স :
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত ক্রমেই তীব্র হয়ে উঠছে। যুদ্ধ এখন দ্বাদশ দিনে গড়িয়েছে এবং দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন পর্যন্ত প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ১ হাজার ৩০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে শক্তিশালী বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।
অন্যদিকে ইরান পাল্টা হামলা চালিয়ে তেল আবিব, জেরুজালেমসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটিকেও লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে তারা।
লেবাননেও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে এবং প্রায় ৭ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে।
এদিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের পাতা ১৬টি মাইনবাহী জাহাজ ধ্বংস করা হয়েছে।
চলমান সংঘাতের কারণে অনেক ইরানি নাগরিক তুরস্ক সীমান্তের দিকে আশ্রয়ের জন্য যেতে শুরু করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।