নিউজ প্রবাসী ডেক্স :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর ও হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ সমন জারি করেন।
জানা যায়, বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগ এনে মামলার আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযুক্ত পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে পাটওয়ারী বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
এছাড়া গত ৫ মার্চ ফেসবুকে পাটওয়ারীর একটি বক্তব্য ভাইরাল হয় বলে দাবি করা হয়েছে, যা মির্জা আব্বাসের সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৫৭২ ভোট।
এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts