নিজস্ব প্রতিবেদক :
যশোর-এর শানতলা এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে জোরপূর্বক তেল নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, গত শনিবার রাতে তারা শানতলা এলাকার একটি ফিলিং স্টেশনে গিয়ে প্রভাব খাটিয়ে জোরপূর্বক খোলা তেল নিয়ে যান এবং পরে তা বেশি দামে বিক্রি করেন।
ঘটনাটি প্রকাশ্যে এলে পরদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়ার পর তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় দলীয় শৃঙ্খলা রক্ষায় এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।