নিউজ প্রবাসী ডেক্স :

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে তার নেতিবাচক প্রভাব সারা বিশ্বে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এই সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা চাই আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধান আসুক। যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং তা আরও সংকট তৈরি করে।”
বাংলাদেশ সরকার শুরু থেকেই কূটনীতি ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “যুদ্ধের কারণে শুধু সংশ্লিষ্ট দেশ নয়, বরং বিশ্বের প্রতিটি দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ইতোমধ্যে এ সংঘাতে বাংলাদেশের আটজন নাগরিক প্রাণ হারিয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। তাদের মধ্যে কয়েকজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং বাকিদের ফেরানোর চেষ্টা চলছে।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, “দুই পক্ষ আলোচনার টেবিলে বসেছে—এটাই একটি ভালো দিক। এতে বোঝা যায় তারা সংঘাত নিরসনে আগ্রহী।”
লেবাননসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রয়োজনে কূটনৈতিকভাবে তাদের স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেষে প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, “বিশ্বের স্বার্থে যুদ্ধ দ্রুত বন্ধ হওয়া জরুরি এবং আলোচনার মাধ্যমেই একটি টেকসই সমাধান আসতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts