
নিজস্ব প্রতিবেদক:
নতুন সরকারের প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। একই সঙ্গে পুলিশের বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদকে করা হয়েছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান।
বর্তমান সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ছিবগাত উল্লাহকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার অতিরিক্ত আইজি হাসিব আজিজকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।
এছাড়া এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
অন্য কয়েকটি প্রজ্ঞাপনে দুই ডিআইজি ও পাঁচজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে একই কর্মস্থলে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেক আদেশে অতিরিক্ত আইজি জি এম আজিজুর রহমানকে পুলিশের বিশেষ শাখা থেকে পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং একজনের বদলি আদেশ বাতিল করা হয়েছে। ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকারের বদলি আদেশ বাতিল করা হয়েছে। তাকে আগে খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল।
এখন খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির পুলিশ সুপার মোরতেজা আলী খান। তার স্থলাভিষিক্ত হয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক।
অন্যদিকে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুরে বদলি করা হয়েছে এবং মাগুরার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপকমিশনার মোল্লা আজাদ হোসেন।