
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, অধ্যাপক ফায়েজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিয়েছেন।
তবে এ বিষয়ে জানতে অধ্যাপক ফায়েজের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।
অধ্যাপক ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০২ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেন।