নিউজ প্রবাসী ডেক্স :

দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে সংগীতশিল্পী রুমানা ইসলাম জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন।
শুক্রবার বাদ জুমা রাজধানীর মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
১৯৩৫ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মাহবুবা রহমান অল্প বয়সেই সংগীত জগতে প্রবেশ করেন। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে তার গান প্রচারিত হয়। সে সময় তিনি ‘নিভা রানী রায়’ নামে পরিচিত ছিলেন।
পঞ্চাশ ও সত্তরের দশকে রেডিও ও চলচ্চিত্রে তিনি ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অন্যতম। বিশেষ করে ‘মনের বনে দোলা লাগে’ গানটি তাকে এনে দেয় ব্যাপক খ্যাতি।
এছাড়াও বহু চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়ে তিনি সংগীতাঙ্গনে অনন্য অবদান রাখেন। তার গাওয়া অসংখ্য গান এখনও শ্রোতাদের হৃদয়ে স্থান করে আছে।
সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৯৮ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts