নিউজ প্রবাসী ডেক্স :
আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক আন্দোলনকে সমান করে দেখানো হলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।
শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা একবারই অর্জিত হয়েছে—এর আগে হয়নি, ভবিষ্যতেও আর হবে না। এটি আমাদের সর্বোচ্চ অর্জন।”
মন্ত্রী জানান, দেশের ইতিহাসে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন এসেছে। যেমন ১৯৯০ সালের গণঅভ্যুত্থান স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে ভূমিকা রেখেছে। তবে এসব অর্জনকে স্বাধীনতার সমপর্যায়ে বিবেচনা করা উচিত নয়।
তিনি আরও বলেন, স্বাধীনতার ইতিহাস, মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়ন একটি বড় চ্যালেঞ্জ। একইসঙ্গে মুক্তিযুদ্ধবিরোধীদের তালিকাও নির্ভুলভাবে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে আবাসন, ভাতা বৃদ্ধি এবং বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও কাজ করছে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো প্রয়োজন বলে মত দেন।