
নিউজ প্রবাসী ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদের দায়িত্ব গ্রহণের পরদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে স্পিকার পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ডেপুটি স্পিকারও সেখানে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অন্যতম পবিত্র স্থান। এখানে এসে শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে গর্বিত ও অনুপ্রাণিত মনে করছেন।
তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান।
স্পিকার আরও বলেন, তিনি নিজেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এবং সেই যুদ্ধে আহত হন।
তিনি গত ১৭ বছরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত রাজনৈতিক কর্মী, ছাত্র, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিও শ্রদ্ধা জানান।
সংসদের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মুক্তিযুদ্ধের আদর্শ—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে এবং জাতীয় সংসদ হবে সেই প্রচেষ্টার কেন্দ্রবিন্দু।
তিনি জানান, সংসদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালনের জন্য তিনি নিজ দল থেকে পদত্যাগ করেছেন এবং সংসদ পরিচালনায় তিনি আম্পায়ারের মতো নিরপেক্ষ অবস্থান বজায় রাখবেন।
পরে স্পিকার ও ডেপুটি স্পিকার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে যান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় স্পিকার বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং সে পথচলায় দেশের নেতৃবৃন্দের অবদান স্মরণীয় হয়ে থাকবে।