নিউজ প্রবাসী ডেক্স :
ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ রেন্ডি জর্জ-কে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, জর্জ অবসর গ্রহণ করেছেন এবং তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সাধারণত সেনাপ্রধানরা নির্ধারিত চার বছরের মেয়াদ পূর্ণ করেই অবসরে যান, তবে তার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে।
উল্লেখ্য, জো বাইডেন ২০২৩ সালে জর্জকে এই পদে মনোনীত করেছিলেন। সামরিক জীবনে তিনি উপসাগরীয় যুদ্ধসহ ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করার পরপরই এই নেতৃত্ব পরিবর্তনের ঘটনা ঘটে।
জর্জের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ ক্রিস্টোফার লেনিভ। তাকে একজন অভিজ্ঞ ও পরীক্ষিত সামরিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে প্রতিরক্ষা দপ্তর।
তবে হঠাৎ করে এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। একই সঙ্গে আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।