
নিউজ প্রবাসী ডেক্স :
ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ প্রায় ২০ ঘণ্টার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এরপরই ইরানি প্রতিনিধি দল দেশে ফিরে গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
মোহাম্মদ বাকের কালিবাফ-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি রোববার সকালে ইসলামাবাদ ত্যাগ করে। এর আগে মার্কিন প্রতিনিধি দলও বৈঠক শেষ করে চলে যায়। মার্কিন দলের নেতৃত্বে ছিলেন জে ডি ভ্যান্স।
ইরানি সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ আলোচনায় অচলাবস্থা তৈরি করে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলেও কূটনৈতিক প্রচেষ্টা শেষ হয়ে যায়নি; ভবিষ্যতে আরও সংলাপের সুযোগ রয়েছে।
এদিকে, হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান স্পষ্ট করেছে, যুক্তিসঙ্গত চুক্তি না হলে এই গুরুত্বপূর্ণ জলপথের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।