নিউজ প্রবাসী ডেক্স :

পবিত্র ঈদকে সামনে রেখে রাজধানীর জনপ্রিয় বিপণিবিতান গাউছিয়া মার্কেট ও চাঁদনী চক মার্কেট এখন ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে। বিশেষ করে নারীদের কেনাকাটায় জমে উঠেছে এই দুই মার্কেটের দোকানপাট।
সপ্তাহের শেষ দিকে বিকেল থেকেই মার্কেট দুটিতে উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা সেরে গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ক্রেতাদের মতে, রাজধানীতে অনেক আধুনিক শপিং মল গড়ে উঠলেও গাউছিয়া ও চাঁদনী চকের প্রতি আকর্ষণ কমেনি। এখানে বিভিন্ন দেশের কাপড় ও পোশাকের বৈচিত্র্য থাকায় অনেকেই অন্তত একবার এই বাজারে আসেন।
দোকানগুলোতে দেশি কাপড়ের পাশাপাশি পাকিস্তানি ও অন্যান্য বিদেশি কাপড়ের থ্রি-পিস, গাউন, শাড়ি, জুতা, ব্যাগ, গহনা ও প্রসাধনী পাওয়া যাচ্ছে। বিশেষ করে নারীদের সালোয়ার-কামিজ ও থ্রি-পিসের বড় বাজার হিসেবে পরিচিত এই দুটি বিপণিবিতান।
তবে এবারের ঈদে পোশাকের দাম গত বছরের তুলনায় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। অনেকেই বলছেন, পছন্দের পোশাক কিনতে গিয়ে বাড়তি দাম দিতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, সুতা, কাপড় ও অন্যান্য কাঁচামালের দাম বাড়ায় পোশাকের দামও বেড়েছে। এছাড়া এ বছর ভারতীয় পোশাক তুলনামূলক কম আমদানি হওয়ায় বাজারে পাকিস্তানি পোশাকের চাহিদা বেড়েছে।
ব্যবসায়ীদের মতে, পাকিস্তানি জর্জেট ও সিল্ক কাপড়ের থ্রি-পিস এবং ডিজিটাল প্রিন্টের পোশাক এবার ক্রেতাদের বেশি আকৃষ্ট করছে।
সব মিলিয়ে ঈদকে সামনে রেখে রাজধানীর এই দুই ঐতিহ্যবাহী বাজারে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts