
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে মীরহাজিরবাগ কাঁচাবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি বেপরোয়া ট্রাক বিপরীত দিক থেকে এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক ও যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অটোরিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০)। তবে নিহত যাত্রীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী খাইরুল জানান, ট্রাকটি উল্টো পথে অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং হঠাৎ করেই অটোরিকশার ওপর উঠে যায়। পরে স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চালক জিজ্ঞাসাবাদে জানিয়েছে—দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর সেটিকে ধরতেই সে উল্টো পথে গাড়ি চালাচ্ছিল।
যাত্রাবাড়ী থানার ওসি বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।