
নিউজ প্রবাসী ডেক্স :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিষয়সংখ্যা কমানোর পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৭ সাল থেকে এ পরিবর্তন কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
অন্যদিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হতে পারে।
বর্তমানে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের মোট ১০টি বিষয়ের ১২টি পত্রে অংশ নিতে হয়। নতুন পরিকল্পনায় এই সংখ্যা কমিয়ে শিক্ষার্থীদের ওপর চাপ কমানোর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া একই প্রশ্নপত্রে সব বোর্ডে পরীক্ষা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে, তবে সেখানেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলে বিষয়টি স্পষ্ট হবে।