
নিউজ প্রবাসী ডেক্স :
চৈত্র মাসের প্রথম দিনেই ঢাকা ও আশপাশের এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় এমন আবহাওয়া দেখা যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের প্রভাবে দেশে কালবৈশাখী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতির কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কোনো কোনো সময় তা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ায় রূপ নিয়ে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কালবৈশাখীর এই প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সাময়িক দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।