নিউজ প্রবাসী ডেক্স :
কুড়িগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকটে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। জেলার প্রায় ২০টি ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহ না থাকায় সৃষ্টি হয়েছে অচলাবস্থা।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও যানবাহনের চালকদের। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে ২০০ থেকে ৪০০ টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না।
সংশ্লিষ্টরা জানান, দেশের প্রধান তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে না পারায় এ সংকট তৈরি হয়েছে। দৈনিক প্রায় ৪ লাখ লিটার চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৫০ হাজার লিটার, যা চাহিদার এক-অষ্টমাংশেরও কম।
এদিকে, সংকটের সুযোগে বিভিন্ন এলাকায় বোতলে করে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগও উঠেছে। এতে সাধারণ ভোক্তারা আরও বিপাকে পড়েছেন।
পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ফিলিং স্টেশনগুলোতে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।