
নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লা-এর পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্তে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাফিলতির প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।
রোববার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, দুর্ঘটনায় চারজন গেইটম্যান, বিজয়পুর ক্রসিংয়ের দুই গেইটম্যান, লালমাই রেলস্টেশনের স্টেশন মাস্টার, দুই লোকোমাস্টার, বাসচালক এবং সড়ক বিভাগের সংশ্লিষ্টদের অবহেলা পাওয়া গেছে।
তিনি বলেন, তদন্তে অন্তত ছয়টি বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে এবং এ ঘটনায় দায় নির্ধারণ করে মোট আটটি সুপারিশ করা হয়েছে। ১১ পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদন ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।
গত ২১ মার্চ রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পর মোট ১২ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত ৮ জন।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পৃথক মামলায় এখন পর্যন্ত তিনজন গেইটম্যানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।