নিউজ প্রবাসী ডেক্স :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কৃষক-কৃষাণি ভালো থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে। কৃষিকে শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তার জন্য সরকার সুদ মওকুফসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা সরকারি বিভিন্ন সুবিধা সহজে পেতে পারবেন। পর্যায়ক্রমে দেশের ক্ষুদ্র, প্রান্তিক ও মধ্যম কৃষকদের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের মেয়াদ এখনো খুব অল্প সময় হয়েছে, তাই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। তবে ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও কিছুটা চাপ তৈরি হয়েছে। তারপরও সরকার কৃষি, গ্রামীণ উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং প্রায় এক হাজার ২০০ হেক্টর জমি এর আওতায় আসবে বলে জানান তিনি। এছাড়া খালটি পানি সংরক্ষণ, মৎস্য চাষ ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts