
যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অধ্যাপক মোক্তার আলীর বাসার প্রধান ফটকের সামনে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় পৌর জামায়াত কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে ১১ দলীয় ঐক্য জোট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট মো. সাইদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং মনোবল ভাঙার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, রফিকুল ইসলাম, তবিবুর রহমান, অ্যাডভোকেট ওজিয়ার রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউজ প্রবাসী ডেক্স: