
নিউজ প্রবাসী ডেক্স :
ঝালকাঠি পৌর এলাকায় খাল খনন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না করায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সোমবার ‘আজমির বিল্ডার্স লিমিটেড’-কে এ নোটিশ প্রদান করা হয় বলে জানিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি. এম. রেজাউল হক রিজভী।
পৌরসভার সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে সাতটি খাল খননের দায়িত্ব পেলেও ঠিকাদার ছয়টি খালের কাজ আংশিকভাবে শুরু করে এবং একটি খালের কাজই শুরু করেনি। কোনো খালই সম্পূর্ণ খনন শেষে হস্তান্তর করা হয়নি বা কমপ্লিশন সনদ জমা দেওয়া হয়নি।
এছাড়া একাধিকবার তাগাদা দেওয়ার পরও কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে অভিযোগ রয়েছে। ফলে পৌর এলাকায় জলাবদ্ধতা বৃদ্ধি ও ডেঙ্গু ঝুঁকি বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
চুক্তিমূল্য এক কোটি ৩৩ লাখ টাকার বেশি হলেও ইতোমধ্যে অর্ধেকেরও বেশি অর্থ বিল হিসেবে পরিশোধ করা হয়েছে। তবে কাজ শেষ না করেই চূড়ান্ত বিলের আবেদন এবং বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগের অভিযোগও উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কাজ সম্পন্ন করেছেন এবং হঠাৎ করে এ ধরনের নোটিশ দেওয়া অযৌক্তিক।
এদিকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।