
নিউজ প্রবাসী ডেক্স :
খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার খালিশপুরের হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানটি অনলাইনে সম্প্রচার করা হয় এবং দেশের বিভিন্ন স্থানে তা সরাসরি দেখানো হয়।
প্রাথমিকভাবে দেশের ১৪টি স্থানে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় দরিদ্র, হতদরিদ্র ও নিম্নআয়ের নারীদের তথ্য বিশ্লেষণ করে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে সারা দেশে ৩৭ হাজার ৫৬৭ জনকে এই কার্ড প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি জানান, আগামী বাজেটের পর এ কর্মসূচি আরও বিস্তৃত আকারে সারা দেশে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, শিল্পকারখানা পুনরুজ্জীবনের মাধ্যমে খুলনাকে আবারও একটি আধুনিক শিল্পনগরীতে রূপান্তর করা হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি পর্যায়ক্রমে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ইমাম ও পুরোহিতদের জন্য সহায়তা কর্মসূচিও চালু করার পরিকল্পনা রয়েছে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ২৭৫ জনকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম দিনে ৪ হাজার ১৫৮ জনের হাতে কার্ড তুলে দেওয়া হয়। বাকি কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে।