নিউজ প্রবাসী ডেক্স :

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় যুগান্তকারী রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানোর দায়ে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া ঘটনায় জড়িত থাকার দায়ে কয়েকজনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ও এসআই রবিউল ইসলাম নয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে ১০ বছর এবং প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার রায়ে পলাতক কয়েকজন আসামিকেও সাজা দেওয়া হয়েছে, যাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকও রয়েছেন।
প্রসিকিউশন জানায়, ঘটনার দিন বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যরা প্রথমে লাঠিচার্জ করে এবং পরে গুলি চালায়। এতে গুরুতর আহত হন আবু সাঈদ। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মামলার বিচারকাজে মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। এসব প্রমাণের ভিত্তিতেই আদালত এই রায় দেন।
আইন সংশ্লিষ্টদের মতে, এই রায় দেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts