
নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম নগরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে বক্সির বিট এলাকায় অবস্থিত অর্কিড প্লাজার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পর ভবনজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। অপর একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনের চতুর্থ তলার টেইলারিং শপ ও কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, অর্কিড প্লাজা ভবনটিতে বিভিন্ন তলায় পোশাক, টেইলারিং ও কাপড়ের দোকান রয়েছে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।