নিউজ প্রবাসী ডেক্স :

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকাজুড়ে চলছে মাতম।
শুক্রবার রাতে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী একটি বাসের তেল ফুরিয়ে গেলে তা মহাসড়কের পাশে থেমে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসে ছিলেন। ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রেন এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন গাইবান্ধার রাজমিস্ত্রি মো. হামিদুজ্জামানের স্ত্রী নার্গিস বেগম (৩৫), তাদের ১১ বছর বয়সী ছেলে নীরব মিয়া এবং বড় ছেলের শাশুড়ি দোলা বেগম (৩৫)। এছাড়া একই গ্রামের আরও দুজন এ দুর্ঘটনায় প্রাণ হারান।
একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হামিদুজ্জামান। স্বজনদের কাঁধে ভর করে জানাজায় অংশ নিতে গিয়ে তিনি আহাজারি করতে থাকেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
শনিবার সকালে নিজপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতে চলছে কান্না আর শোকের মাতম। স্বজন হারানোর বেদনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন অনেকেই। নিহতদের পরিবারে নেমে এসেছে অসহনীয় শোক।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগেই পরিবারের এক সদস্যের বিয়ে হয়েছিল। আনন্দের সেই পরিবেশ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts