নিউজ প্রবাসী ডেক্স :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবার ঢাকার ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদে মোট ১৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি শুরু হবে সকাল ৭টায়।
ঈদগাহ ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসি ক্যামেরা নজরদারি থাকবে। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ঈদগাহের আশপাশে বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসানো হবে এবং নির্ধারিত স্থান ছাড়া পার্কিং নিষিদ্ধ থাকবে। মুসল্লিদের নির্দিষ্ট গেইট দিয়ে প্রবেশ ও নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।
এছাড়া ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও প্রস্তুত থাকবে, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts