নিউজ প্রবাসী ডেক্স :

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ ধরনের অপরাধে জড়িতদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নির্ধারিত দামে তেল বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরবর্তীতে বেশি দামে বাজারে ছাড়ছে। এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।
সরকার জানায়, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু মজুতদারকে আইনের আওতায় আনা হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।
এই উদ্যোগের অংশ হিসেবে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গোপনীয়তা বজায় রেখে তথ্য দিতে পারবেন। তথ্য সঠিক প্রমাণিত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
সরকার আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে এবং বাজারে কৃত্রিম সংকট কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts