নিউজ প্রবাসী ডেক্স :

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে বিভিন্ন প্রয়াত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কয়েকজনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতির পর সংসদের প্রচলিত রীতি অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রয়াত ব্যক্তিদের স্মরণ করা হয়।
শোকপ্রস্তাবে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর কয়েকজন সাবেক নেতার নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব ওঠে। পরে স্পিকার তা গ্রহণ করেন। একই সঙ্গে বিএনপির এক সাবেক নেতার নামও শোকপ্রস্তাবে যুক্ত করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে এসব ব্যক্তিকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, হত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং একজন কারাগারে থাকা অবস্থায় মারা যান।
অধিবেশনে শোকপ্রস্তাবের সময় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সংসদ সদস্য, দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন ঘটনায় নিহতদেরও স্মরণ করা হয়। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন ও দুর্ঘটনায় নিহতদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
শোকপ্রস্তাবের বিষয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে আরও কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। স্পিকার জানান, প্রস্তাবিত নামগুলো পর্যালোচনা করে শোকপ্রস্তাবে যুক্ত করা হবে।
এরপর সংসদ সদস্যরা প্রয়াত ব্যক্তিদের স্মরণে বক্তব্য দেন। আলোচনা শেষে শোকপ্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। এর আগে প্রয়াতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এদিন প্রবীণ সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু হয় এবং পরে সর্বসম্মতভাবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts