
নিউজ প্রবাসী ডেক্স :
দীর্ঘ প্রায় এক বছরের অপেক্ষার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এই বৈঠককে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তায় উভয়েই এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। জয়শঙ্কর জানান, দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আলোচনা হয়েছে। অন্যদিকে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে বাংলাদেশের প্রস্তুতির কথা তিনি তুলে ধরেছেন।
২০২৫ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। এর আগে তিনি শুধু ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন।
বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের সময় মুহাম্মদ ইউনূস-এর প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ জোরদার হয়েছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে নতুন সরকার গঠনের পর দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক যোগাযোগও বাড়তে থাকে।
সব মিলিয়ে এই সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক সম্পর্কের নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।