নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনায় আসবে।
মঙ্গলবার ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করবেন। সরকারি সূত্রগুলো এ সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে উল্লেখ করলেও এটিকে সম্পর্ক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গত দেড় বছরে দুই দেশের সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে নতুনভাবে সংলাপ শুরু করাই এই সফরের মূল লক্ষ্য। পারস্পরিক স্বার্থ বিবেচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণেও গুরুত্ব দেওয়া হবে।
দিল্লিতে সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জ্বালানি বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান। সময় মিললে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
আলোচ্যসূচিতে গঙ্গা ও তিস্তা নদীর পানিবণ্টন, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতা ছাড়াও ভবিষ্যৎমুখী নানা বিষয় থাকবে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে, ফলে এর নবায়ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়া, দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ, রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গও আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন করে আস্থা গড়ে তোলার পথ খুলবে এবং ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts