নিউজ প্রবাসী ডেক্স :

তেল না পাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে নড়াইলে এক পেট্রল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাম্পের আরেক কর্মী।
শনিবার দিবাগত রাত প্রায় ২টা ২০ মিনিটে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার (৩৩) ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। আহত জিহাদুল ইসলাম (২৭) বর্তমানে চিকিৎসাধীন।
পাম্পের কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, সুজাত নামে এক ট্রাকচালক পাম্পে তেল নিতে এসে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়ে। এ নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক হুমকি দিয়ে পাম্প এলাকায় অবস্থান নেয়।
পরে নাহিদ সর্দার তার কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হলে ট্রাকটি তাকে অনুসরণ করে। কিছু দূর যাওয়ার পর ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনায় নাহিদ ঘটনাস্থলেই নিহত হন এবং তার সঙ্গে থাকা জিহাদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে তেল নিয়ে বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও পূর্ব কোনো বিরোধ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts