নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া-রাধানগর সড়কের পাশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের বিকাশ ওরফে বাবলু সাহার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, অনুমতি ছাড়াই গত ৩ ফেব্রুয়ারি সড়কের পাশের সিরিস ও মেহগনি প্রজাতির অন্তত ১২টি সরকারি গাছ কেটে স্থানীয় ইতনা বাজারের এক ব্যবসায়ীর কাছে প্রায় লক্ষাধিক টাকায় বিক্রি করা হয়।
স্থানীয়দের অভিযোগের পর ইউনিয়ন পরিষদের চৌকিদার গাছ কাটা বন্ধের চেষ্টা করলেও তা মানা হয়নি। পরে ইউনিয়ন নায়েব আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে গাছ অন্যত্র না সরানোর নির্দেশ দেন এবং বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করেন।
প্রথমে অভিযুক্ত বাবলু সাহা দাবি করেন, গাছগুলো তিনি নিজেই রোপণ করেছিলেন। তবে পরবর্তীতে তিনি নিজের অপরাধ স্বীকার করেন বলে জানান ইউনিয়ন নায়েব। জব্দকৃত গাছ পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা বলেন, জব্দকৃত গাছ তার কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts