
নিউজ প্রবাসী ডেক্স :
নাইজেরিয়া-এর উত্তরপূর্বাঞ্চলের বর্নো রাজ্য-এ একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছেন।
সোমবার রাতে রাজ্যের রাজধানী মাইদুগুরি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিরাপত্তা সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি শহরের একটি পোস্ট অফিসে ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই নিকটবর্তী একটি ব্যস্ত বাজারে দ্বিতীয় বিস্ফোরণ হয়। পরে হাসপাতাল এলাকা এবং শহরের পূর্বাংশেও আরও দুটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, এসব হামলা আত্মঘাতী বোমারুদের মাধ্যমে সংঘটিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, হামলাগুলোর ধরণে জঙ্গি সংগঠন বোকো হারাম-এর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সহিংসতা চালিয়ে আসছে তারা।
ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত টহল বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।